জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম দুই পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আদতে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক গণ অধিকার পরিষদ নেতা ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, ‘হাসনাত ও সারজিস কিন্তু সবসময় চেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলন সফল হোক—সেটা চেয়েছিল; কিন্তু গণ-অভ্যুত্থান হোক সেটা চায়নি। এর প্রমাণ ১৯ জুলাই, সেই সময় তারা তো মন্ত্রীদের সঙ্গে সংলাপ করে আসল।’
তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনে নিজেদের ‘দুর্বলতা’ ঢাকার জন্যই পরবর্তী সময়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে সোচ্চার হয়েছেন।
রাশেদ খান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে তাদের যে ভূমিকা ছিল, সেই দুর্বলতা ঢাকার জন্যই পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটকীয় আন্দোলন।’
বক্তব্য চলাকালীন রাশেদ খান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বইয়ের উদ্ধৃতি দেন। তিনি বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ জুলাই গণ-অভ্যুত্থানে কী ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছেন, সে বিষয়ে আসিফ মাহমুদের বইয়ে উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, হাসনাত ও সারজিস সেনাবাহিনীর গাড়িতে চড়ে বঙ্গভবনে যাচ্ছিলেন। সেসময় আমরা তাদের বলি—তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো, তবে তোমাদের জাতীয় বেইমান আখ্যায়িত করা হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ভেতরে অনেক আলোচনা থাকে যা প্রকাশ্যে আনা ঠিক নয়, তবুও বলছি—এনসিপির মধ্যেও তাদের নিয়ে নানা ধরনের গুঞ্জন ছিল। যদিও এখন রাজনীতির স্বার্থে সেগুলো সামনে আনা হচ্ছে না।
আওয়ামী লীগ হঠানোর আন্দোলনে সম্মুখভাগে থাকা নেতাদের নিয়ে রাশেদ খানের এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments