বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে পুনরায় পুরোনো পথেই হাঁটছে। শুক্রবার (৮ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের আপামর জনতা আন্দোলন করেছে। অথচ নতুন সরকার সেই গণ-আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে আবারো পুরোনো রাজনৈতিক ধারায় ফিরে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
বিদেশি হস্তক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখানে কোনো ভিনদেশি প্রেসক্রিপশন মেনে নেয়া হবে না। দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পসহ প্রতিটি খাতকে সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সরকারকে অবিলম্বে ন্যায় ও বৈষম্যহীন সমাজ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।”
শ্রমিকদের অধিকার নিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “রেলওয়েসহ দেশের সকল খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের বঞ্চিত রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরাও আগামী বাজেটে রেল খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার এবং এই খাতের সংস্কারে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানান।
সম্মেলনে রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments