Image description

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি কৃষি ও কৃষকবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার কৃষি ও কৃষকদের ভাগ্যোন্নয়নে ‘কৃষক কার্ড’ চালুর পাশাপাশি বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

শুক্রবার (৮ মে) কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার ২২টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

ধর্মমন্ত্রী বলেন, “দেশের প্রতিটি কৃষকের হাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।” 

সরকারের সামাজিক নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর দেশব্যাপী ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছেন। এছাড়া নিম্নবিত্তদের সহযোগিতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। এই সরকার জনগণের সরকার এবং আমরা আমৃত্যু জনগণের কল্যাণে কাজ করে যাব।”

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন এবং বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম।

অনুষ্ঠানে প্রকল্পের আওতায় ১৬৭টি কৃষি উপকরণ বিতরণ করা হয়, যার মধ্যে রয়েছে ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র (রিপার), ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প এবং ২০টি ধান মাড়াই যন্ত্র। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও বিশুদ্ধ পানি পানের সরঞ্জাম বিতরণ করেন মন্ত্রী।

মানবকণ্ঠ/ডিআর