Image description

মিরপুর টেস্টে সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় পৌঁছেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অভিজ্ঞ ব্যাটার মমিনুল হককে। ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে নোমান আলীর বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। ১০টি বাউন্ডারিতে সাজানো ৯১ রানের দারুণ এক ইনিংস খেলার পর, দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মজার ছলে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

ক্যারিয়ারে এর আগে কখনোই 'নার্ভাস নাইনটিজে' আউট হওয়ার তেতো অভিজ্ঞতা ছিল না মমিনুলের। তবে এবার ৯১ রানে আউট হয়ে যাওয়ার পর কিছুটা আক্ষেপ কাজ করছে তার। আর এর পেছনের কারণ হিসেবে সংবাদ সম্মেলনে তিনি মজা করে বলেন, "সেঞ্চুরি না হওয়ায় এত দিন আক্ষেপ হয়নি।

তবে আজ একটু হয়েছে, তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারিনি বলে বউ হয়তো একটু গালি দেবে। এটাই আরকি! আউট হয়ে আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল।"

মজার ছলে এই কথা বললেও, ব্যক্তিগত মাইলফলকের চেয়ে ধারাবাহিকতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন মমিনুল। তিনি বলেন, "সত্যি কথা বলতে, আমার কাছে একশ করার চেয়ে নিয়মিত রান করাটা বেশি গুরুত্বপূর্ণ।"

নিজের আউটের ধরন নিয়ে বলতে গিয়ে এই ব্যাটার জানান, নোমান আলীর বলটি হঠাৎ নিচু হয়ে যাওয়াতেই আউট হয়েছেন তিনি। মমিনুল বলেন, "আমার তখন রান করার খুব একটা তাড়া ছিল না। লক্ষ্য ছিল দিনের বাকি এক ঘণ্টা স্বাভাবিক ক্রিকেট খেলা। নোমান ভালো বল করছিল, আর বলটা হঠাৎ করে নিচু হয়ে যাওয়ায় আমি যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি।"

মানবকণ্ঠ/আরআই