Image description

চট্টগ্রাম মহানগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ঝটিকা মিছিল বের করার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কোতোয়ালী ও খুলশী থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। পুলিশের দাবি, মিছিলকারীদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে ১৫টি ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিছিলের সঙ্গে জড়িত ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। একই দিনে নগরীর ওয়াসা মোড় এলাকায় আরেকটি ঝটিকা মিছিল বের করার অভিযোগে খুলশী থানা পুলিশ আরও ৬ জনকে গ্রেপ্তার করে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহায়তার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ।

সিএমপির অপরাধ তথ্যভান্ডার (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃতদের কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, হত্যাচেষ্টা এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর