চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি গঠনের একদিন পরই বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। পদ বাণিজ্য, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের অভিযোগ এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়নের প্রতিবাদে কমিটি থেকে একযোগে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির দফতর সম্পাদক পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের এই মহানগর কমিটি ঘোষণা করা হয়েছিল।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। কমিটির প্রভাবশালী কয়েকজন নেতার বিরুদ্ধে অর্থের বিনিময়ে পদ দেওয়া, সাধারণ মানুষের নামে মামলা দিয়ে অর্থ আদায় এবং অনৈতিক কর্মকাণ্ডের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
পদত্যাগী দফতর সম্পাদক রাফসান জানি রিয়াজ বলেন, "কমিটি গঠনে ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে আমরা কাজ করতে পারি না। আমরা এই কমিটির পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছি এবং বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।"
সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগকারী হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, "আমরা আদর্শ ও নৈতিক রাজনীতির প্রত্যাশা নিয়ে এই দলে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও কিছু নেতার অনৈতিক কর্মকাণ্ডে আমরা গভীরভাবে হতাশ। ভবিষ্যতে আমরা জনস্বার্থ ও স্বচ্ছ রাজনীতির পক্ষে কাজ করে যাব।"
পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন—যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েস, যুগ্ম সদস্য সচিব মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম ও ইকবাল মাসুদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান ও মোস্তফা রাশেদ আজগর।
এছাড়াও তালিকায় রয়েছেন দফতর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুদ্দীন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন এবং সদস্য মো. ওমর সাঈদ ও তাহজীব চৌধুরী।
মানবকণ্ঠ/ডিআর




Comments