ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের ঝটিকা মিছিল থেকে হামলায় ছাত্রদল-জামায়াতের ৫ নেতা আহত
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ধাওয়া করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী মোটরসাইকেলে করে একটি ঝটিকা মিছিল বের করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে বিএনপি, ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া করেন। ধাওয়া করতে করতে তারা পার্শ্ববর্তী বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় আহত পাঁচজন হলেন— জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন, জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম ও শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রোকন উদ্দিন। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ ঝটিকা মিছিলের নামে এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। আমাদের নেতাকর্মীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।" এ সময় তিনি হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
মানবকণ্ঠ/আরআই




Comments