আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।
দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে লড়বেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।
সভায় আগামী নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন সিটি নির্বাচনসহ সারাদেশে অনুষ্ঠিতব্য সকল স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে। আমরা কোনো জোটে যাব না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা স্বতন্ত্রভাবেই লড়াই চালিয়ে যাব।”
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলে বারী মাসউদ ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম এবং সহ-প্রচার সম্পাদক শরীয়াতুল্লাহসহ দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments