Image description

ভারত থেকে কথিত ‘পুশ-ইন’ ইস্যু এবং সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে আজ বুধবার (৩ জুন) যশোরের বেনাপোল সীমান্ত সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর এই সফরকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল এবং রাজনৈতিক মহলে সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১১টায় নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোল সীমান্ত এলাকায় পৌঁছাবেন। এরপর তিনি স্পর্শকাতর সাদিপুর সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় বেনাপোলের একটি স্থানীয় হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং সাম্প্রতিক পুশ-ইন ইস্যু নিয়ে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে তাঁর।

এদিকে, এনসিপি নেতার এই সফর ঘিরে সীমান্ত এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সফর নিয়ে নানা আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যদিও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সুনির্দিষ্ট শঙ্কা নেই, তবুও কোনো পক্ষ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে নজর রাখছে পুলিশ।

একটি কৌতূহলোদ্দীপক তথ্য হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আজ বেনাপোল বাজারে ডিমের চাহিদা ও বিক্রি অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তবে এই বাড়তি বিক্রির সাথে রাজনৈতিক সফরের কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর এই সফরে কোনো সরকারি প্রটোকল নেই। তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই সফরকে রাজনৈতিক বিশ্লেষকরা বেশ গুরুত্বের সাথে দেখছেন।

মানবকণ্ঠ/আরআই