Image description

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ-র একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিম নিক্ষেপ, বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন একটি রেস্তোরাঁয় এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। তবে সভা শুরুর আগেই সেখানে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আয়োজকদের দাবি, প্রবাসী আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ও সমর্থক সভাস্থলের বাইরে বিক্ষোভ করেন। একপর্যায়ে এনসিপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উত্তেজনার কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর নিরাপত্তার মধ্যে সভাস্থলে পৌঁছান হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তায় তিনি স্থান ত্যাগ করেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ। তাদের মধ্যে প্রবাসী আওয়ামী লীগের এক নেতাও রয়েছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহর সফর ঘিরে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এছাড়া এনসিপির এক নেতার গায়ে ডিম লাগার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে ঘটনাটিকে পূর্বপরিকল্পিত উসকানি বলে দাবি করেছে এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

মানবকণ্ঠ/আরআই