Image description

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন আল রশিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। জানাজা শেষে প্রবীণ এই রাজনীতিবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন রাজনৈতিক সহকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন যাবৎ লাইফ সাপোর্টে ছিলেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট হারুন আল রশিদ কেবল একজন সফল রাজনীতিবিদই ছিলেন না, বরং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে তার অবদান ছিল অনস্বীকার্য। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আগামী শনিবার (২০ জুন) নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মানবকণ্ঠ/ডিআর