দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এই লক্ষে মঙ্গলবার (২৩ জুন) সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিবাদ মিছিল করবে সংগঠনটি।
গতকাল সোমবার (২২ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন দলের সব পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি এবং এবারও সব অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments