Image description

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন চায় না। যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবক্ষয়ের কারণে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো আগের মতোই রাখা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল ত্যাগের বিনিময়ে বাংলাদেশ সঠিক পথে চলবে। গত ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও সংস্কার পরিষদের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ জনগণের এই মতকে অগ্রাহ্য করেছে। আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম। তিনি আক্ষেপ করে বলেন, ‘দিনটি কেমন যাবে সকালবেলাই তা বলে দেয়। চার মাস অতিবাহিত হলেও রাষ্ট্রের ফাউন্ডেশন বা কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি।’

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সকল দল গণভোটের দাবি মেনে নেওয়ার কথা বললেও এখন তা বাস্তবায়ন করা হচ্ছে না। বিরোধী দলের পক্ষ থেকে সংসদে নোটিশ দিয়েও এ বিষয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এই দাবি আদায়ের ধারাবাহিক কর্মসূচি চলছে। এটি কোনো দলের স্বার্থে নয়, বরং জনগণের দেওয়া রায়ের প্রতিফলন।

জামায়াতের আমির বলেন, আমাদের সমাজে উচ্চশিক্ষিতদের একটি বড় অংশ আমানতের খেয়ানত করছে। তারা অবৈধ পথে মানুষের সম্পদ ও ইজ্জত গ্রাস করছে। দেশ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যর্থতার কারণে আজও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি নেই, যুবকদের হাতে কাজ নেই এবং নারীদের নিরাপত্তার চরম অভাব দেখা দিচ্ছে।

৪৭ ও ৭১-এর স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিপুল প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আজও সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি। শাসকগোষ্ঠীর ব্যর্থতাতেই আজ জনগণের মধ্যে শান্তি ও নিরাপত্তার সংকট প্রকট হয়েছে।

অধিবেশনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিসে শূরার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর