বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নজরুল ইসলাম খান দীর্ঘ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ২৫ জুন দেশে ফেরেন। দেশে ফেরার কয়েক দিন পর পুনরায় অসুস্থতা বোধ করলে গতকাল মঙ্গলবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি উপস্থিত চিকিৎসকদের কাছ থেকে প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বর্তমানে নজরুল ইসলাম খানের চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এবং দ্রুত সুস্থতার স্বার্থে চিকিৎসকরা তাকে পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ কারণে আপাতত দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষকে হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র এই নেতার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments