সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে শুক্রবার (১৩ নভেম্বর) থেকে আগামী রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালিত হচ্ছে।
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে নির্বাচনি এলাকাবাসী। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান। এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আসনটি শূন্য ঘোষণা করে অবাধ ও নিরপেক্ষ উপনির্বাচনের দাবি জানান তারা। ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সংগৃহীত গণস্বাক্ষরগুলো একত্র করে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি হিসেবে পেশ করা হবে।
সচেতন নাগরিক সমাজের এই কর্মসূচির পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে উপজেলা জামায়াত। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান স্পষ্ট করেন যে, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তিনি দলের কেউ নন।
তিনি আরও জানান, সংসদ সদস্য পদসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতের পক্ষ থেকে ইতিমধ্যেই জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত চিঠি পাঠানো হয়েছে। বিচারাধীন মামলার বিষয়ে আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় দলের ওপর চাপানো যুক্তিসংগত নয়। পাশাপাশি গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, এসব কার্যক্রমে কোনো ধরনের অসত্য তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হেয় করার প্রবণতা থাকবে না।
ডিআর

