নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান শামীম ওসমান।
এ সময় তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।’ নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’
শামীম ওসমান জানান, তার ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছে গেছে।
ওই টকশোতে নিজের অসুস্থতার পাশাপাশি নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি।
সেলিনা হায়াৎ আইভীর প্রসঙ্গ তুলে শামীম ওসমান বলেন, জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও তাকে কারাভোগ করতে হয়েছে। মেয়র হওয়ার পর আইভী নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে শামীম ওসমান বলেন, একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। তবে কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বের দায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন শামীম ওসমান। আগামী ডিসেম্বরের মধ্যে দলটিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
টকশোতে নিজের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরেন সাবেক এই সংসদ সদস্য। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির কথা স্মরণ করে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বিএইচ




