মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সম্প্রতি ভারতের রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত এক রাজকীয় বিয়ের আসরে তাদের এই যুগলবন্দি দেখা যায়।
উদয়পুরে আয়োজিত এই মেগাবাজেট বিয়েটি ছিল আমেরিকা প্রবাসী ভারতীয় ব্যবসায়ী রমা রাজু মান্তেনার মেয়ে নেত্রা মান্তেনার। এই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে বেটিনাকে নিয়ে ভারত সফরে এসেছেন ট্রাম্প জুনিয়র।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠেই রণবীর প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপরই নিজের অভিনীত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’র তালে বেটিনার হাত ধরে নাচ শুরু করেন। রণবীরের অদম্য শক্তির সঙ্গে তাল মিলিয়ে বেটিনাও সাবলীলভাবে নাচে অংশ নেন এবং মুহূর্তেই মঞ্চ মাতিয়ে দেন।
রণবীর ও বেটিনার এই পারফরম্যান্স দারুণ উপভোগ করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি হাততালি দিয়ে দুজনকে উৎসাহ জোগান। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসন দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
পর্দার বাইরেও যেকোনো অনুষ্ঠানে নিজের অফুরান প্রাণশক্তি ও জৌলুসপূর্ণ উপস্থিতির জন্য রণবীর সিং সর্বদাই চর্চায় থাকেন। অক্ষয় কুমারের মতো সহকর্মীরাও প্রায়ই রণবীরের এই বিশেষ গুণের প্রশংসা করে থাকেন, যা উদয়পুরের এই অনুষ্ঠানে আবারও প্রমাণিত হলো।




Comments