দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ঐতিহাসিক ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৩টার পর কোনো ভোটার আর নতুন করে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি এই তথ্য নিশ্চিত করে জানান, নির্ধারিত সময় অর্থাৎ বিকেল ৩টার মধ্যে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করবেন বা লাইনে দাঁড়িয়ে থাকবেন, শুধুমাত্র তারাই ভোট দিতে পারবেন। ৩টার পর কেন্দ্রের মূল গেট বন্ধ করে দেওয়া হবে।
এবারের নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড এবং সোয়াট টিমের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে বিএনসিসি, রোভার স্কাউটস এবং রেঞ্জার ইউনিটের সদস্যরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আধুনিক ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যার মধ্যেই জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments