বারবার অন্যের সমালোচনা করার অভিযোগে থাকা কঙ্গনা রনৌত এবার নিজেই সমালোচনার মুখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবিকে কেন্দ্র করে অভিনেত্রীর বিরুদ্ধে বারাণসী শহর নোংরা করার অভিযোগ তুলেছেন একদল নেটিজেন।
অভিযোগে বলা হয়, বারাণসী সফরে গিয়ে প্রিয় টিকিয়া-ছোলা খাওয়ার পর কঙ্গনা নাকি ফাঁকা প্লেটটি রাস্তায় ফেলে দেন। নির্দিষ্ট স্থানে আবর্জনা না ফেলে এভাবে শহর নোংরা করার জন্য তাঁকে কটাক্ষও করতে ছাড়েননি সমালোচকেরা।
তবে অভিযোগ অস্বীকার করে কঙ্গনা দ্রুতই নিজের অবস্থান পরিষ্কার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে তিনি দেখান, যেখানে খাবার খাচ্ছিলেন সেখানেই তাঁর পায়ের কাছে আবর্জনা ফেলার পাত্র রাখা ছিল। সেই পাত্রেই তিনি প্লেটটি ফেলেছেন, রাস্তায় ছুড়ে দেননি।
এরপর অভিযোগকারীদের উদ্দেশে কড়া ভাষায় জবাব দেন কঙ্গনা। তিনি লেখেন, “মিথ্যা অভিযোগ ছড়ানোর আগে চারপাশ ভালো করে দেখে নেওয়া উচিত, যাতে পরে নিজেরাই ভুল প্রমাণিত না হন। বারাণসী কেন, আমি কোনো শহরই আবর্জনা ফেলে নোংরা করি না।” পাশাপাশি তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেয় করার জন্য ছবিতে ইচ্ছাকৃতভাবে আবর্জনা ফেলার পাত্রটি দেখানো হয়নি।
মানবকণ্ঠ/আরআই




Comments