Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ছড়িয়ে পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। তবে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াত আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। যে পোস্ট করা হয়েছিলো তা অপ্রত্যাশিত একটি পোস্ট।

শনিবার রাতে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। তিনি জানান, ঘটনার পরপরই আইডি উদ্ধারে তৎপর হয় জামায়াতের সাইবার টিম। 

তিনি জানান, বিকেল ৫ টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয়। পরে অনাকাঙ্ক্ষিত পোস্টটি সরানো হয়। তবে, পোস্টটি নিয়ে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে। অপপ্রচার থামাতে প্রশাসনের সহযোগিতা চেয়ে হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। 

তিনি আরও বলেন, নারীদের অবমাননা করে যে পোস্ট করা হয়েছিলো; সেটি জামায়াত আমিরের মনোভাব ও বক্তব্যের সাথে সাংঘর্ষিক। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা এবং জনসমর্থন দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তার অভিযোগ।

এদিকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, অত্যন্ত সমন্বিত পদ্ধতিতে সাইবার হামলা চালিয়ে সাময়িকভাবে আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়। দ্রুত পদক্ষেপের মাধ্যমে সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধার করতে সক্ষম হয় এবং অন্যান্য প্ল্যাটফর্মের নিরাপত্তাও নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় ও নৈতিকভাবে নিন্দনীয়। এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করতে এবং শুধুমাত্র অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য গ্রহণ করতে।