Image description

দারুণ ধারাবাহিকতায় বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা পাঁচ ম্যাচ জিতে আগেই মূল পর্বের টিকিট নিশ্চিত করা টাইগ্রেসরা শেষ ম্যাচেও থামেনি। নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে বাছাই পর্ব শেষ করেছে একমাত্র অপরাজিত দল হিসেবে।

রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নেদারল্যান্ডস সংগ্রহ করে ৬ উইকেটে ১০২ রান। জবাবে বাংলাদেশ মাত্র ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৬ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। চাপের মুহূর্তে ইনিংস সামাল দেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলেও, এরপর জ্যোতির সঙ্গে যোগ দেন ফর্মে থাকা সোবহানা মোস্তারী।

সহজ লক্ষ্য হওয়ায় ঝুঁকিহীন ব্যাটিং করেন জ্যোতি-মোস্তারী জুটি। তাদের কার্যকর ব্যাটিংয়েই জয় নিশ্চিত করে বাংলাদেশ। টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক জ্যোতি—৪৪ বলে করেন অপরাজিত ৫০ রান। অন্যদিকে ২৩ বলে ৩৩ রানের ঝরঝরে ইনিংস খেলেন সোবহানা মোস্তারী।

এর আগে নেদারল্যান্ডসের হয়ে সানিয়া খুরানা ৩৭ বলে ৪৩ এবং রবিনে রিজকে ৪৫ বলে ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন নাহিদা আক্তার, যিনি নেন ৩ উইকেট। এছাড়া মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান নেন একটি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে টেবিলের শীর্ষে থেকেই বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল—অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে।

মানবকণ্ঠ/আরআই