আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার অংশগ্রহণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আন্তর্জাতিক মহলকে অবহিত করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ও কূটনীতি বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ ও আলোচনা এখন একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। দেশের জনগণও চায়—নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বচ্ছতা থাকুক।
তিনি আরও জানান, কিছু উপদেষ্টা দ্রুত সাধারণ পাসপোর্ট সংগ্রহ ও প্রয়োজনীয় ভিসা পেতে এরই মধ্যে তাঁদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে তিনি নিজে এখনো কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি বলে জানান।
এ ছাড়া নির্বাচনের পর প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তথ্য নেই বলেও উল্লেখ করেন তৌহিদ হোসেন।
মানবকণ্ঠ/আরআই




Comments