Image description

ভারতের লোকসভায় ২০২৬ সালের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী হিসেবে এটি তার নবম বাজেট, নরেন্দ্র মোদি সরকারেরও তৃতীয় মেয়াদের বাজেট এটি। আজ রোববার দেশটির লোকসভায় এই বাজেট পেশ করা হয়। বাজেটের পর দেশটির শেয়ারবাজারে ধস নেমেছে। বাজেট নিয়ে বিরোধী দলগুলো মোদি সরকারের তীব্র সমালোচনা শুরু করেছে।

এদিকে এবারের বাজেটে যুব, মহিলা এবং দেশের সংখ্যালঘুদের মুখে হাসি ফোটানোর ওপর জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের বাজেটে কাটছাঁট করেননি, বরং আরও বাড়িয়েছেন।

মোদি সরকার এ বছর কেন্দ্রীয় বাজেটে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য মোট ৩ হাজার ৪০০ কোটি রুপি দিয়েছে, যা ২০২৫ সালে ছিল ৩ হাজার ৩৯৫ দশমিক ৬২ কোটি রুপি। এর অর্থ হল গত বছরের তুলনায় বরাদ্দ ৪ দশমিক ৩৮ কোটি রুপি বৃদ্ধি পেয়েছে।

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ধারণা করা হয়েছিল যে, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু মন্ত্রণালয় তুলে দেবে, যদিও মোদি সরকার সেই পথে হাঁটেনি। উল্টো তার দ্বিতীয় মেয়াদ পর্যন্ত সংখ্যালঘু উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের বাজেট প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে।

প্রসঙ্গত, আজ রোববার লোকসভায় রেকর্ড নবমবারের মত বাজেট পেশ করেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপর পরই দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করেন মোদি। বাজেটের প্রশংসা করে মোদি বলেন, ‘আজকের বাজেট ঐতিহাসিক। দেশের নারীশক্তির মজবুত প্রতিবিম্ব আজকের এই বাজেট। মহিলা অর্থমন্ত্রী হিসেবে লাগাতার ৯ বার বাজেট পেশ করে নতুন রেকর্ড গড়লেন নির্মলা সীতারামন। বর্তমানের স্বপ্নকে বাস্তবায়িত করে এই বাজেট, সেই সঙ্গে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি মজবুত করে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন ছোঁয়ার মজবুত ভিত্তি এই বাজেট।’ 

মোদি আরও বলেন, ‘ভারত সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। ওই বাজেট সেই কাজকে নতুন গতি দিল। এই বাজেটে যুগান্তকারী সংশোধন ঘটানো হয়েছে। ভারতের যুবসমাজ ওড়ার জন্য মুক্ত আকাশ পেল। দেশের অর্থব্যবস্থার আরও উন্নতি ঘটবে। মানুষ কেন্দ্রীয় অর্থব্যবস্থা গড়ার স্বপ্ন পূরণ করে এই বাজেট। রাজস্ব ঘাটতি কমানো, মুদ্রাস্ফীতি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।’

ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ১৪০ কোটি দেশবাসী এই মুহূর্তে পৃথিবীর তৃতীয় বৃহত্তর হওয়ার স্বপ্ন দেখছেন বলেও জানান মোদি। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সদ্য স্বাক্ষরিত চুক্তির কথাও এ দিন উল্লেখ করেন তিনি। মোদি বলেন, ‘আজকের বাজেট ভবিষ্যৎমুখী, দেশের বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবে তৈরি বাজেট। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প লোকাল থেকে গ্লোবাল হতে শক্তি জোগাবে এই বাজেট।’