Image description

এক সপ্তাহ ধরে চলা অনিশ্চয়তার শেষ টেনেছে পাকিস্তান। আজ রোববার পাকিস্তানের সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে – আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলকে পাঠাবে দেশটির সরকার। তবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে পাকিস্তান।

সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল।

‘ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তানের সরকার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দিচ্ছে। তবে পাকিস্তান ক্রিকেট দল আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে সূচিতে থাকা ম্যাচটিতে মাঠে নামবে না’ – পাকিস্তান সরকার এক্স-এ (সাবেক টুইটার) তাদের স্বীকৃত একাউন্টে আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে।

নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে বাংলাদেশ দল যখন তাদের ম্যাচগুলো ভারতের মাটি থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার আবেদন করে, সে আবেদনে সাড়া দেয়নি আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাইরে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দিয়েছে আইসিসি।

বাংলাদেশ দলকে নিয়ে আইসিসিতে সিদ্ধান্ত আসার আগেই পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের খবর আসতে শুরু করে। কেউ বলেছে, বাংলাদেশকে বাদ দেওয়া হলে পাকিস্তানও বিশ্বকাপ পুরোপুরি বয়কট করবে। কেউ বলেছে, শুধু ভারতের ম্যাচটা বয়কট করবে। আবার পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার পাকিস্তানের এমন চিন্তা ভাবনারই সমালোচনা করেছিলেন।

শেষ পর্যন্ত পাকিস্তান সরকারই সিদ্ধান্তটা নেবে বলে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি আবার পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও। সিদ্ধান্তটা প্রাথমিকভাবে গত শুক্রবার কিংবা আগামীকাল সোমবার আসার কথা থাকলেও আজই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান।

তবে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক পোস্টে শুধু গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ম্যাচটি পাকিস্তান বয়কট করবে বলে জানানো হয়েছে। দুই দলই পরের রাউন্ডে গেলে এবং সেখানে আবার মুখোমুখি হলে সে ক্ষেত্রে কী করবে, তা আপাতত জানানো হয়নি পাকিস্তান সরকারের পোস্টে। সর্বশেষ বিশ্বকাপ কিংবা এশিয়া কাপগুলোর বেশ কয়েকটিতেই পাকিস্তান ও ভারত দলকে একাধিকবার একে অন্যের মুখোমুখি হতে দেখা গেছে।

বাংলাদেশ ইস্যুকে জড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তটা ভারত-পাকিস্তানের ক্রিকেট কূটনীতিতে নতুন চাল বলতে হবে। তবে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় না সেই ২০১৩ সাল থেকেই। তবে এতদিন আন্তর্জাতিক টুর্নামেন্টে দুই দলকে নিয়মিত মুখোমুখি হতে দেখা গেছে, এবার সেখানেও রাজনীতির ধাক্কা লাগল।