Image description

চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে ঘিরে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আদলে তৈরি একটি ব্যানার নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর স্কুল ও কলেজ মাঠে আয়োজিত জনসভাকে সামনে রেখে নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় ব্যানারটি দেখা যায়।

ব্যানারের উপরে সিরিজের বিখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ লেখা রয়েছে। এতে ডা. শফিকুর রহমানকে এক হাতে দলের প্রতীক দাঁড়িপাল্লা ধরে থাকতে দেখা যায় এবং পাশে একটি সাদা নেকড়ে আঁকা রয়েছে। ব্যানারের নিচে লেখা—‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা জানিয়েছেন, ব্যানারটির সঙ্গে সংগঠনের কোনো প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই। তারা ধারণা করছেন, এটি কোনো ভক্ত বা সমর্থকের ব্যক্তিগত উদ্যোগ হতে পারে।

এ বিষয়ে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি থেকে ব্যানারটি তৈরি করা হয়েছে, যার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। একই বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী।

মানবকণ্ঠ/আরআই