Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে কোনো আক্ষেপ নেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। মাঠের বাইরের নানা ইস্যু নিয়ে উদ্বিগ্ন না হয়ে বর্তমান কাজ ও পারফরম্যান্স উন্নয়নেই মনোযোগী থাকতে চান তিনি।

বুধবার ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, বিশ্বকাপে না খেললেও তা নিয়ে হা-হুতাশ করার মানসিকতায় তিনি বিশ্বাসী নন। তাঁর ভাষায়, ‘বিশ্বকাপ খেলছি না—এই জন্য আমি দুশ্চিন্তায় মরে যাব, এমন মানুষ নই। কাল আমি বাঁচব নাকি মরব, সেটারই তো নিশ্চয়তা নেই। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমান সময়ে কীভাবে নিজের সেরাটা দেওয়া যায়, সেটাই আমার লক্ষ্য।’

ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়েই সবচেয়ে বেশি সমস্যা। আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন!’

বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ হাতছাড়া হওয়া ক্রিকেটারদের মানসিক অবস্থার প্রসঙ্গে সালাউদ্দিন মোস্তাফিজুর রহমানের উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, মোস্তাফিজ নিজেই বলেছেন—যেটা চলে গেছে, সেটা নিয়ে ভাবার কিছু নেই।

সালাউদ্দিনের মতে, যে বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে চিন্তা না করাই একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর মানসিকতা।

এদিকে, দেশের সব শীর্ষ ক্রিকেটারের অংশগ্রহণে শুরু হতে যাওয়া ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলছে। আমাদের কাছে এর গুরুত্ব অনেক। আমরা এটাকে খুব সিরিয়াসভাবেই দেখছি।’

মানবকণ্ঠ/আরআই