মাদারীপুরের শিবচরে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাদিরা আক্তারের জনসভায় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাওয়া হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আক্তার হোসেন এ কাজ করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শিবচর পৌর বিএনপি আয়োজিত উঠান বৈঠকে ঘটনাটি ঘটে।
আক্তার হোসেন বলেন, ‘আমরা ধানের শীষে ভোট দিয়ে নাদিরা আপাকে জয়যুক্ত করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ’
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতারা। বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে নাদিরা আক্তারকে বিজয়ী করার ঘোষণাও দেন।
তবে সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতাদের দাবি, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশেই আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খান ও তার অনুসারীরা বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকেই ধানের শীষের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়ে ভোট চাইছেন। তাদের কেউ কেউ বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানও দিচ্ছেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য তৈরি হয়েছে।




Comments