ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তাসনিম জারা বলেছেন, রাজনীতিতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সব সময় পেশিশক্তির প্রয়োজন হয় না। বরং অন্যায়কে সঠিকভাবে নথিভুক্ত করে জনসম্মুখে তুলে ধরাই হবে তার রাজনৈতিক লড়াইয়ের প্রধান কৌশল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি বা তথাকথিত ‘বড় ভাইদের’ দাপট কীভাবে মোকাবিলা করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।
পোস্টে তাসনিম জারা লেখেন, যারা ক্ষমতার দাপট দেখাতে অভ্যস্ত, তারা প্রকাশ্য এক্সপোজারকেই সবচেয়ে বেশি ভয় পায়। কোনো অন্যায়ের ঘটনা যদি নিখুঁতভাবে প্রমাণসহ জনসমক্ষে আনা যায়, তাহলে রাজনৈতিক দলগুলো নিজেরাই বাধ্য হয় সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে রাখতে।
তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে কার্যকরভাবে দাঁড়ানোর জন্য তার হাতে দুটি শক্তিশালী অস্ত্র রয়েছে। প্রথমত, প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনের বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয়ত, কোনো ভায়া মিডিয়া ছাড়াই সরাসরি কোটি মানুষের কাছে সত্য তুলে ধরার মতো শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম তার রয়েছে।
তাসনিম জারা বলেন, পেশিশক্তির মাধ্যমে সাময়িক প্রভাব সৃষ্টি করা গেলেও তথ্য ও জনমতের মাধ্যমে তৈরি সামাজিক চাপ উপেক্ষা করা কোনো রাজনৈতিক শক্তির পক্ষেই সম্ভব নয়। তার ভাষায়, ইতিহাসে সবচেয়ে শক্তিশালী স্বৈরশাসকরাও এই জনচাপের সামনে টিকে থাকতে পারেনি।
এই কৌশলকে ভিত্তি করেই আসন্ন নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা-৯ আসনের এই স্বতন্ত্র প্রার্থী।
মানবকণ্ঠ/আরআই




Comments