Image description

বিএনপির মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিলের পর কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছ থেকে জসিম উদ্দিনকে সমর্থনের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। পরে দলের কেন্দ্রীয় দপ্তর থেকেও একই নির্দেশনা দেওয়া হয়। এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়।

ফলে নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে এসে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের সিদ্ধান্ত নেয় দলটি। এই আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই আসনটি বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি অভিযোগে আলোচনায় আসে।

কুমিল্লা-৪ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান  এর আগে  হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মানবকণ্ঠ/আরআই