Image description

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মী ও ছাত্র-জনতা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহীদ ওসমান হাদি চত্বরে অবস্থান নিয়ে তারা এই ব্লকেড কর্মসূচি শুরু করে।

অবরোধ চলাকালে শাহবাগ এলাকা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’ এবং ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’—এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

শাহবাগ মোড় অবরোধের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যদিও জাতীয় জাদুঘরের পাশ দিয়ে সীমিত আকারে যান চলাচল করছে।

এর আগে একই দিন দুপুরে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় এবং বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করে। এ সময় ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

পরে আন্দোলনকারীরা বাংলামোটর এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানে আবারও ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জুমাসহ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই