Image description

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল সীমিত করা হয়েছে। বর্তমানে মেট্রোরেল শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির অবনতি হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ এবং রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার শেষ ট্রিপ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে এই দুটি স্টেশনে আর কোনো ট্রেন থামবে না। আজ উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।

এর আগে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করে ‘ইনকিলাব মঞ্চ’। মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে এবং জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের নেতা জুম্মা জাবের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস আম্মারসহ অন্তত ৩১ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি। বর্তমানে শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর