Image description

ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বাসার বারান্দা থেকে মোটরসাইকেল চুরির পর পালানোর সময় ছাত্র-জনতার হাতে নাজেহাল হয়ে ধরা পড়েছে চোরচক্রের এক সদস্য। আটক জুনায়েদ কবির (২৪) উপজেলার রুহি পাগারিয়া গ্রামের আব্দুল্লাহ সাঈদের ছেলে এবং স্থানীয় ৩নং কৈচাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাগিনা বলে জানা গেছে।

জানা যায়, রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে হালুয়াঘাট থানা রোডের একটি বাসার বারান্দা থেকে ১১নং আমতলী ইউনিয়নের বাইসামুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনের মোটরসাইকেলটি চুরি হয়। চুরির পরপরই ভুক্তভোগী বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন।

ফেসবুক পোস্টটি নজরে আসার পর উক্ত বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতা দ্রুত চারদিকে খোঁজ শুরু করে। একপর্যায়ে নাগলা বাজার এলাকায় মোটরসাইকেলসহ পালানোর সময় জুনায়েদকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় তারা। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পুলিশ উদ্ধারকৃত মোটরসাইকেলটি প্রধান শিক্ষক জহির উদ্দিনের বলে নিশ্চিত করেছে।

হালুয়াঘাট থানার পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর