হাসান মামুন ‘ট্রাকে’ উঠলে দলীয় পদ ফিরিয়ে আনার ব্যবস্থা করবো: নূর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনের নির্বাচনী জনসভায় হুঙ্কার দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি মো. নূরুল হক নূর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই যদি আমাদের ‘ট্রাক’ মার্কায় সমর্থন দিয়ে সাথে থাকেন, তবে তার হারানো দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা আমি করব।”
বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়াতেই গলাচিপা ও দশমিনার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার নারী-পুরুষ ‘ট্রাক’ মার্কার সমর্থনে জনসভাস্থলে ভিড় করেন। কিছুক্ষণের মধ্যেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ভিপি নূর এই বিশাল সমাবেশে নেতা-কর্মীদের উজ্জীবিত করেন।
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি মো. গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া এবং সদস্য সচিব মো. আলতাফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারা শাজাহান খান, সাবেক যুবদল নেতা শিপলু খান এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট মো. ইখতিয়ার কবিরসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তব্যে নূর বলেন, “আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লড়াই করেছি। ব্যক্তিগত সুখ-বিলাসের সুযোগ থাকলেও আমি সাধারণ মানুষের স্বার্থ বিসর্জন দেইনি।”
নির্বাচনী প্রচারণায় সবার দুয়ারে পৌঁছাতে না পারায় ভোটারদের কাছে ক্ষমা চেয়ে তিনি আরও বলেন, “গলাচিপা ও দশমিনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি এখন আপনাদের হাতে। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী হোন।”
সমাবেশে উপস্থিত হয়ে আবেগঘন বক্তব্য রাখেন ভিপি নূরের সহধর্মিণী ও স্কুল শিক্ষিকা মোসা. মারিয়া। তিনি বলেন, “আমি রাজনৈতিক কর্মী নই, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা দেখে আজ এই মঞ্চে দাঁড়িয়েছি। জনগণের ভাগ্য উন্নয়নে প্রয়োজনে আমি আমার চাকরি হারানোর ঝুঁকি নিতেও প্রস্তুত।”
জনসভা শেষে ভিপি নূরের নেতৃত্বে হাজার হাজার সমর্থকের অংশগ্রহণে একটি বিশাল বিজয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানবকণ্ঠ/ডিআর




Comments