Image description

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে সিডনিতে অনুষ্ঠিত বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। তবে একই সঙ্গে তিনি বিক্ষোভ দমনে পুলিশের নেওয়া পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ ৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কড়া নিরাপত্তার মধ্যে চার দিনের সফরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। বন্ডাই বিচে ইহুদিবিরোধী হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনার পর সংহতি প্রকাশ এবং দুই দেশের সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই সফর।

সফরকালে তিনি সিডনি, মেলবোর্ন ও ক্যানবেরা সফর করবেন এবং অস্ট্রেলিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

তবে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হার্জগের এই সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার সন্ধ্যায় সিডনির কেন্দ্রস্থলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিষিদ্ধ এলাকায় বিক্ষোভকারীদের মিছিল ঠেকাতে পুলিশ এগিয়ে গেলে সেখানে বিশৃঙ্খলা ও সংঘর্ষ শুরু হয়।

সিডনির কেন্দ্রীয় ব্যাবসায়িক এলাকায় ঘটে যাওয়া এই বিরল সহিংসতায় পুলিশ বিক্ষোভকারী ও সংবাদমাধ্যমকর্মীদের ওপর পিপার স্প্রে ব্যবহার করে। 

ঘটনার পর স্থানীয় রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেন, সহিংসতার দৃশ্য দেখে তিনি ‘মর্মাহত’ হয়েছেন। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা কখনোই হওয়া উচিত নয়।’ তবে তিনি আরো জানান, মানুষ শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে পারে, কিন্তু মিছিল করতে হলে পুলিশ যে নির্দেশনা দিয়েছে, তা মানা জরুরি ছিল।