আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ভোটগ্রহণের দিন রাতেই কেন্দ্র থেকে ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, “গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পর এজেন্টরা যেন কেন্দ্র ছেড়ে চলে না যান এবং গণভোটের ফলাফল আগে ঘোষণা করলে যেন বাইরে কোনো ধরণের অস্থিরতা তৈরি না হয়, সে লক্ষ্যেই এই যুগপৎ গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ইসি সানাউল্লাহ জানান, ফলাফল ঘোষণা এবং কম্পাইলেশন (একত্রীকরণ) সম্পূর্ণ ভিন্ন বিষয়। প্রতিটি কেন্দ্র থেকে আসা ফলাফলগুলোর আন-অফিসিয়াল ঘোষণা ওই রাতেই দেওয়া হবে। অধিকাংশ কেন্দ্রের ফলাফল মাঝরাতের মধ্যেই পাওয়া যাবে বলে কমিশন আশা করছে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রের ফলাফল আসতে পরের দিন সকাল পর্যন্ত সময় লাগতে পারে। আগামী ১৩ ফেব্রুয়ারি ফলাফলের আনুষ্ঠানিক কম্পাইলেশন বা চূড়ান্ত একত্রীকরণ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি কেন্দ্রে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ‘ফর্ম-১৮’ অনুযায়ী রিটার্নিং অফিসার তাতে স্বাক্ষর করবেন। কেন্দ্র থেকে ঘোষিত এই ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তীতে চূড়ান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
মানবকণ্ঠ/ডিআর




Comments