Image description

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি। এবারের নির্বাচনে আমাদের প্রধান প্রত্যাশা হলো গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ তৈরি হবে।” তিনি আরও মন্তব্য করেন যে, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও সফর নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির কোনো সম্ভাবনা দেখছি না। আমরা আশা করি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পেশাদারিত্বের সঙ্গে তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।”

প্রতিপক্ষ ও নির্বাচনী কৌশল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিটি নির্বাচনকেই গুরুত্বের সঙ্গে দেখি এবং কোনো প্রতিপক্ষকেই দুর্বল মনে করি না। তবে জামায়াত কৌশলে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এবং নানা ভুয়া খবর ছড়াচ্ছে। আমরা সম্পূর্ণ ইতিবাচক রাজনীতি করছি।” 

সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আপনার যাকে খুশি তাকেই ভোট দেওয়ার অধিকার রয়েছে।”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর