Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিশাল ব্যবধানে জয়ের পথে রয়েছেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ৪৬টি কেন্দ্রের ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৪৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

ঘোষিত ৪৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীক নিয়ে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট।

দেবিদ্বার উপজেলার এই আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন ভোটারের এই আসনে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

এখন পর্যন্ত ৪৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী হাসনাত আবদুল্লাহ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, এই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপি সমর্থন দিয়েছিল। তবে বিকেলে তিনি ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহর এই বিশাল ব্যবধানের অগ্রগামিতা তার সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ তৈরি করেছে।

মানবকণ্ঠ/ডিআর