Image description

রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। এখন পর্যন্ত পাওয়া ২০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ৩ হাজার ৭৬০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তবে সামগ্রিকভাবে এগিয়ে থাকলেও ২০টি কেন্দ্রের মধ্যে ৩টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি।

প্রাপ্ত ২০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, তারেক রহমান মোট ১২ হাজার ৫০৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭৪৬ ভোট।

সব মিলিয়ে তারেক রহমান সুবিধাজনক অবস্থানে থাকলেও নিচের ৩টি কেন্দ্রে জামায়াত প্রার্থীর কাছে পিছিয়ে পড়েছেন তিনি:

১. স্কাইলার্ক মডেল স্কুল কেন্দ্র: এই কেন্দ্রে জামায়াতের খালিদুজ্জামান ৫৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তারেক রহমান পেয়েছেন ৫২৭ ভোট।
২. শিশু মঙ্গল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়: এখানে বড় ব্যবধানে জয়ী হয়েছেন খালিদুজ্জামান (৮৭৫ ভোট)। তার বিপরীতে তারেক রহমান পেয়েছেন ৪৮৪ ভোট।
৩. টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় (কেন্দ্র-০২): এই কেন্দ্রে জামায়াত প্রার্থী ৭১৬ ভোট এবং তারেক রহমান ৫৯১ ভোট পেয়েছেন।

গুলশান, বনানী ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা ও ফলাফল সংগ্রহের কাজ চলছে। তারেক রহমানের এই বড় ব্যবধানের অগ্রগামিতা ধানের শীষের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।

মানবকণ্ঠ/ডিআর