Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে সোয়া লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।

আসনটির মোট ১৪৯টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট। লুৎফুজ্জামান বাবর ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাবর তাঁর জনপ্রিয়তার এক অনন্য নজির স্থাপন করলেন। স্থানীয় ভোটারদের মতে, লুৎফুজ্জামান বাবরের এই বিশাল জয় হাওর জনপদের মানুষের তাঁর প্রতি দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার লড়াই করলেও বাবরের জনপ্রিয়তার কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন।

সকাল থেকেই মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর কেন্দ্রগুলোতে ভোটারদের অভূতপূর্ব সমাগম লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনে কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত থাকায় আজ সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা সংবিধান সংস্কারের প্রশ্নে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সারা দেশ থেকে আসা কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো সমন্বয় করে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

মানবকণ্ঠ/ডিআর