ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে রেকর্ড ৮০ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে যাবতীয় যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ ভোটের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা চূড়ান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, এবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন নাগরিক নিবন্ধন করেছিলেন। এর মধ্যে প্রবাস থেকে ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন এবং দেশে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটার নিবন্ধন করেন। নিবন্ধিতদের মধ্যে মোট ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোট প্রদান করা হলেও প্রক্রিয়াগত কারণে সব ব্যালট সময়মতো রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছায়নি। কমিশন মোট ১১ লাখ ৬৫ হাজার ৫৯২ জনের ব্যালট গ্রহণ করেছে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে মোট ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে। এর মধ্যে প্রবাসীদের বৈধ ভোট ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি এবং দেশের অভ্যন্তরের বৈধ ভোট ৬ লাখ ১ হাজার ৫২৪টি।
ইসি কর্মকর্তারা জানান, ভোটারের স্বাক্ষর না থাকা, সঠিক ঘোষণাপত্র না দেওয়া এবং নিয়ম বহির্ভূত ব্যালট পাঠানোর কারণে বেশ কিছু ভোট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলোই কেবল গণনার জন্য গ্রহণ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments