Image description

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই শেষে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়াকে (ব্যারিস্টার ফুয়াদ) প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আসনের ১২৬টি কেন্দ্রের চূড়ান্ত গণনায় বিএনপির জয়নাল আবেদীন পেয়েছেন মোট ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।

বরিশাল-৩ আসনের ভোটার পরিসংখ্যান অনুযায়ী, এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন। নির্বাচনে নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা ভোটকেন্দ্রগুলোতে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিল।

ব্যারিস্টার ফুয়াদ এই আসনে অন্যতম আলোচিত প্রার্থী হলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ রাজনীতিক জয়নাল আবেদীনের কাছে তাকে হার মানতে হলো।

মানবকণ্ঠ/ডিআর