ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইশরাক হোসেন মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। ইশরাক হোসেন ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনে পোস্টাল ভোটসহ ১০১টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৯ হাজার ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসেবে এই আসনে ভোটের হার ৪৮ শতাংশ। সংগৃহীত ভোটের মধ্যে ২ হাজার ২০৯টি ভোট বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ১৭৯টি। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯২ হাজার ২৮১ জন।
উল্লেখ্য, ঢাকা-৬ আসনের এই জয় ইশরাক হোসেনের রাজনৈতিক ক্যারিয়ারে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments