Image description

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাঁকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) অনুরোধ জানাবে বিএনপি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আইন অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাব। এটি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিচারের মুখোমুখি করার জন্য তাঁকে যেন ফেরত পাঠানো হয়, সেই দাবি আমরা ভারত সরকারের কাছে জানাব।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির আগামীর কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আমাদের সরকার তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে—আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা।” তিনি আরও যোগ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র চর্চার ভিত্তি রচিত হয়েছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র ও সংবিধানের সংস্কার করা হবে। ইতোমধ্যে যে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছে, তা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতার দলিল। এই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে।”

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেন যে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার ভিত্তিতেই পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। তিনি বলেন, “পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে সমতা এবং জাতীয় মর্যাদাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব।”

বিজয়ীদের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আজ সন্ধ্যার মধ্যেই গেজেট বা প্রজ্ঞাপন জারি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও জনগণের রায়কে সম্মান জানিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

মানবকণ্ঠ/ডিআর