Image description

ছাত্রশিবির নিজেদের আড়াল করতে আবারও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। 

শুক্রবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

আব্দুল কাদের তাঁর পোস্টে লেখেন, ‘ছাত্রশিবির আবারও তাদের পুরোনো রাজনীতিতে ফিরে আসবে, আসতে বাধ্য হবে। কারণ তারা নিজেরাও ভালো করে জানে, বিগত দেড় বছরে তারা কী কী করেছে। কৃতকর্মের কারণেই তাদের আবারও পুরোনো আন্ডারগ্রাউন্ড কৌশল অবলম্বন করতে হবে।’

গত ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, শিবির ক্যাম্পাসগুলোতে একপ্রকার দখলদারিত্ব কায়েম করেছে। তিনি বলেন, ‘তারা প্রতিটি হলে হলে এবং ভবনভিত্তিক কমিটি সচল করছে। অথচ অন্য কোনো সংগঠনের কেউ হলে উঠতে গেলেই সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে মব তৈরি করা হচ্ছে। রাত-বিরাতে মব কালচার চালিয়ে ক্যাম্পাসগুলোকে জিম্মি করে রাখা হয়েছিল। এমনকি প্রশাসনে নিজেদের লোক বসিয়ে নিজেদের কার্য হাসিল করেছে তারা।’

শিবিরের বিরুদ্ধে অনলাইনে নোংরামি ও নারী হেনস্তার অভিযোগ তুলে কাদের বলেন, ‘তাদের অনলাইনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং নারী হেনস্তার বিষয়টি নতুন কিছু নয়। এসব কারণেই তারা এখন একপ্রকার ভয় থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। তবে তাদের সবার পরিচয় প্রকাশ হয়ে যাওয়ায় খুব একটা লাভ হবে না।’

সবশেষে তিনি এনসিপি ও ছাত্রশক্তির নেতাদের সতর্ক করে বলেন, ‘শিবির নিজেরা গোপনে থেকে ছাত্রশক্তির নেতাকর্মীদের দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করাবে। এখন এনসিপি বা ছাত্রশক্তি আবারও জেনেবুঝে ব্যবহৃত হয়ে বিপদে পড়বে কি না, সেটা তাদেরই ঠিক করতে হবে।’

মানবকণ্ঠ/ডিআর