Image description

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা গঠনের সময় ও প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা আশা করছি, আগামী তিন থেকে চার দিনের মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়ে যাবে। বঙ্গভবনে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অন্তত এক হাজার অতিথি উপস্থিত থাকবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এই শপথ পাঠ করাবেন।’

নির্বাচন পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, নির্বাচনের ফলাফলের গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিধান রয়েছে। সেই হিসেবে আগামীকাল (রোববার) ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

শপথের পরবর্তী ধাপ সম্পর্কে সচিব বলেন, ‘সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে রাজনৈতিক দলগুলো তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের নেতা নির্বাচিত হবেন, তিনি রাষ্ট্রপতির কাছে আস্থার বিষয়টি অবহিত করবেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রী নিয়োগের পর সুবিধাজনক সময়ে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।’

মানবকণ্ঠ/ডিআর