তারেক রহমানকে ফুয়াদের হুঁশিয়ারি
‘নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে হাসিনার চেয়েও ভয়াবহ পতন হবে’
বিএনপির যেসব নেতাকর্মী ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ হয়ে উঠছেন, তাঁদের এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া (ফুয়াদ)। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যাঁরা চর দখলের মতো নির্বাচন করে ক্ষমতায় যাচ্ছেন, তাঁরা যেন ’২৪-এর গণ-অভ্যুত্থানের কথা ভুলে না যান।’
রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আসাদুজ্জামান ফুয়াদ এই সংবাদ সম্মেলনে নির্বাচনের নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ধরেন।
তারেক রহমানকে উদ্দেশ্য করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বিএনপি যদি তাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে না পারে, তবে এই উশৃঙ্খল কর্মীদের নিয়ে তিনি বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তখন শেখ হাসিনার চেয়েও খারাপ পতন হবে তাঁর।’
নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘মাঠ প্রশাসনের একটি বড় অংশ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী অত্যন্ত পেশাদার ভূমিকা পালন করেছে। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’
নির্বাচনী ফলাফলের তথ্য উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ‘ধানের শীষ’ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ফুয়াদ ‘ঈগল’ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট।
ভোটের দিনের পরিস্থিতি বর্ণনা করে ফুয়াদ অভিযোগ করেন, ‘বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন কেন্দ্রে অস্ত্র ঠেকিয়ে ব্যালটে সিল মারা এবং এজেন্টদের বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। মুলাদী উপজেলা যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় সেখানে কারচুপির খবর তাৎক্ষণিক জানানো সম্ভব হয়নি। অনেক কেন্দ্রে গণভোটের চেয়ে এমপি পদের ভোট বেশি পড়েছে, যা প্রমাণ করে সেখানে বড় ধরনের জালিয়াতি হয়েছে।’
সংবাদ সম্মেলনে জালিয়াতির বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শন করে তিনি এই নির্বাচনকে ‘চর দখলের নাটক’ বলে অভিহিত করেন এবং অন্তর্বর্তী সরকারের অধীনে এমন নির্বাচনে হতাশা প্রকাশ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments