ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি।
এর আগে আজ সন্ধ্যা ৭টা ১২ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। সেখান থেকে বের হয়ে সরাসরি নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের নিয়ে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টি। দীর্ঘ দেড় দশক পর এই ‘ভূমিধস’ বিজয়ের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে।
তারেক রহমানের এই ঐতিহাসিক বিজয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বার্তায় তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক মোবারকবাদ। জনগণের এই রায় গণতান্ত্রিক উত্তরণ ও সাংবিধানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
মানবকণ্ঠ/ডিআর




Comments