Image description

রংপুর-৪(পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন এমদাদুল হক ভরসা। তিনি মাত্র ৯৪০২ ভোটের ব্যবধানে এনসিপির প্রার্থী (জামায়াত জোটের) কাছে পরাজিত হন। তার ৮ হাজার ৫শ ভোট বাতিল করা হয়েছে।

এজন্য তিনি রংপুর জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও ভোট গ্রহণের সাথে যুক্ত কর্মকর্তাদের দায়ী করেছেন। এভাবে কারচুপি করে তার বিজয় ছিনিয়ে নিয়েছেন তারা। তাই তিনি পুনরায় ভোট গণনার দাবিতে আন্দোলন করছেন।

এ আন্দোলনে রোববার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হাসানের সামনে হাত উঁচিয়ে তাকে উদ্দেশ করে বললেন, ‘ভাই আমার অভিশাপ থাকল। আল্লাহ আপনার বিচার করবে। আমার বউ-বাচ্চাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে আমার ভোট ছিনতাই করেছেন। আল্লাহর কাছে বিচার দিলাম। আপনার ছেলেমেয়েও রাস্তায় রাস্তায় কান্না করবে। এটা আমার অভিশাপ। আপনি আমার ভোট ছিনতাই করেছেন। এর জবাব আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন’।

তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আরও বলেন, আমাকে হারাতে গিয়ে কোনো নিয়ম মানা হয়নি, এখন ভোট পুনরায় গণনার আবেদন করছি, এখন আপনি নিয়ম দেখাচ্ছেন। সময়ক্ষেপণ করছেন। আপনার হাতে অনেক ক্ষমতা। আপনি সময়ক্ষেপণ করে আমার ব্যালট পেপার, রেজাল্ট সিট আপনি পরিবর্তন করতে পারেন। তাই আমি শুনতে চাই, আপনি কবে নাগাদ ভোট পুনর্গণনা করবেন সেটি জনগণকে বলেন।

অভিশাপ দেওয়ার তার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিভিন্ন মহল আলোচনা-সমালোচনা করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এ আসনে ভোট বাতিল হয়েছে ৮ হাজার ৫শ।