Image description

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’। এবারের সূচকে আগের চেয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের পাসপোর্টের। শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম, যা আগের সূচকে ছিল ৯৫তম।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ তালিকায় এককভাবে এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। যৌথভাবে দুই নম্বরে অবস্থান করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ইউরোপের একঝাঁক দেশ। এর মধ্যে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া রয়েছে ষষ্ঠ অবস্থানে।

এছাড়া সপ্তম স্থানে থাকা ৬টি দেশ হলো— অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাতভিয়া ও যুক্তরাজ্য।

মূলত এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসা বিধিনিষেধ কতটুকু কম এবং সীমান্তে কত কম সময় অপেক্ষা করতে হয়—এমন সুবিধার ওপর ভিত্তি করেই শক্তিশালী পাসপোর্টের এই বৈশ্বিক তালিকা তৈরি করা হয়। বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ৯৩তম অবস্থানে আসায় এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা আগের চেয়ে বেশি কিছু দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুবিধা পাবেন।

মানবকণ্ঠ/ডিআর