Image description

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সোমবার মিরিয়ান পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও আরো ১৭ জন আহত হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, একটি মোটরসাইকেলে পেতে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

পুলিশ সূত্র জানায়, স্টেশনের সামনের দোকানগুলোর কাছে বিস্ফোরণটি ঘটে।

পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশে থাকা সাধারণ মানুষ বিস্ফোরণের কবলে পড়েন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই)-এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানান, আহতদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারস হাসপাতাল ও খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রেসকিউ ১১২২ কর্মকর্তারা বলেন, জরুরি সেবাদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করে।

ঘটনার পর বান্নু পুলিশের বড় একটি দল, বোম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে বলে বিবৃতিতে জানানো হয়। আলামত সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, সম্ভাব্য আরো কোনো হুমকি প্রতিরোধে বিডিএস দল ক্ষতিগ্রস্ত স্থানটি পরিষ্কার করার কাজও করেছে।